Header Ads Widget

শিশুদের সঙ্গে নবীজী (স.)


নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে খুব ভালবাসতেন । তাদেরকে আদর করে কাছে টেনে নিতেন । 

হযরত আনাস রা.- এর এক ভাই ছিল । সে একটি ছোট্ট পাখি পুষতো । একদিন নবীজী দেখলেন, পাখিটি মারা যাওয়ায় সে মুখ ভার করে বসে আছে । নবীজী তাকে খুশি করতে চাইলেন । তাই ছড়া কেটে বললেন, ‘ ইয়া আবা উমাইর ! মা ফা'আলান নুগাইর ? ’ 

আবু উমাইর ! তোমার ছোট্ট পাখিটির কী হল ? ( দ্র . সহীহ বুখারী, হাদীস ৬১২৯ ) 


একবার নবীজী সাহাবীদের মাঝে এলেন । তখন নবীজীর নাতনি উমামা ছিল নবীজীর কাঁধে । নবীজী নামাযে দাঁড়ালেন । নামাযেও তাকে কাঁধে করেই রাখলেন । রুকুতে যাওয়ার সময় এক পাশে নামিয়ে রাখলেন, দাঁড়ানোর সময় আবার তুলে নিলেন । -সহীহ বুখারী, হাদীস ৫৯৯৬ ; সহীহ মুসলিম, হাদীস ৫৪৩ 


নবীজী বড়দেরকে যেমন গুরুত্ব দিতেন, তেমনি ছোটদেরকেও । 

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.- এর একটি ঘটনা । তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমান ছিলেন । আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, একদিন আমি ও খালিদ ইবনুল ওয়ালিদ নবীজীর সঙ্গে হযরত মায়মুনা রা.- এর কামরায় গেলাম । তিনি আমাদেরকে একটি পেয়ালায় দুধ খেতে দিলেন । আমি বসেছিলাম নবীজীর ডানে আর খালিদ বসেছিলেন নবীজীর বামে । নবীজী প্রথমে নিজে কিছুটা দুধ খেয়ে পেয়ালাটি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এবার তোমার পালা । তবে তুমি চাইলে খালিদকে আগে দিতে পারো । আমি বললাম, আপনার পান করা পাত্র থেকে আমিই আগে পান করতে চাই.…..। -শামায়েলে তিরমিযী, হাদীস ১৮৬ 

নবীজীর ডানে যেহেতু আবদুল্লাহ ইবনে আব্বাস রা . ছিলেন তাই নবীজী দুধের পেয়ালাটি তার দিকেই বাড়িয়ে দিয়েছেন । যদিও তিনি বয়সে ছোট ।

-(আদেল শরীফ)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ