উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. একদিন দরজায় কয়েকজন আগন্তুকের শব্দ শুনতে পেলেন । বেরিয়ে এসে দেখলেন, এক দরিদ্র মহিলা । সাথে তার দুই মেয়ে । মহিলাটি তার কাছে খাবার চাইছেন ।
আম্মাজান আয়েশা রা.- এর ঘরে সেদিন তিনটি মাত্র খেজুর ছাড়া অন্য কোনো খাবার ছিল না । তিনি তা - ই নিয়ে এলেন । মহিলার হাতে খেজুর তিনটি তুলে দিলেন ।
মহিলা দুই মেয়েকে দুটি খেজুর দিলেন আর একটি রাখলেন নিজের জন্য ।
মেয়েরা মুহূর্তেই খেজুরদুটি মুখে পুরে নিল । মা নিজের ভাগের খেজুরটি খেতে শুরু করবেন, এমন সময় তারা মায়ের খেজুরটিও নিতে চাইল । মা বিন্দুমাত্র বিলম্ব করলেন না । খেজুরটি দুই ভাগ করে দুজনকে দিয়ে দিলেন । নিজের খেজুরটি সন্তানদের দিয়ে মা ক্ষুধার্তই রয়ে গেলেন ।
আম্মাজান আয়েশা রা. অবাক হয়ে দেখলেন সবকিছু । ভাবলেন- মা কী করল !
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলে তাঁকে ঘটনাটি শোনালেন । নবীজী ঘটনা শুনে বললেন, 'নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ত্যাগ ও মমতার বিনিময়ে সেই মায়ের জন্য জান্নাত আবশ্যক করে দিয়েছেন । এর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন । ' -সহীহ মুসলিম , হাদীস ২৬৩০
0 মন্তব্যসমূহ